ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মতলব উত্তরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

চাঁদপুর ট্রিবিউন
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ১১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

মতলব উত্তরে অভিযান চালিয়ে একটি ম্যাগজিনসহ বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ এক সুজন প্রকাশ বেজি সুজন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মতলব উত্তর থানার ওসি মো. কামরুল হাসান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার পশ্চিম ফতেহপুর ইউনিয়নের কাজীকান্দি এলাকায় অভিযান চালিয়ে সুজন প্রকাশ বেজি সুজন (২৭)কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি, চুরি ও মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত সুজন ছেঙ্গারচর পৌরসভার আদুরভিটি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতলব সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাবীর হোসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসানের নেতৃত্বে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান চালানো হয়।

অভিযানকালে কাজীকান্দি এলাকার আবুল হোসেন খানের বসতবাড়ির দোচালা কাঠের ঘরের চৌকির নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ম্যাগজিনসহ বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সুজন নিজ হাতে অস্ত্রগুলো বের করে দেয় বলে জানায় পুলিশ। এ সময় তার সহযোগী লিমন (৩০) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

পুলিশ আরও জানায়, এ ঘটনায় মতলব উত্তর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ছাড় দেয়া হবে না।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।