ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে নির্বাচনকালে সাংবাদিকতাবিষয়ক প্রশিক্ষণ

চাঁদপুর ট্রিবিউন
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে দুই দিনব্যাপী নির্বাচনকালে সাংবাদিকতাবিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রশিক্ষণের আয়োজন করে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। ৫০ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার।

তিনি বলেন, চাঁদপুরের নির্বাচনকালে পরিবেশ খুবই সন্তোষজনক। এখন পর্যন্ত কোনো প্রার্থী আমাকে ফোন দিয়ে কোনো অভিযোগ করেনি।

প্রশিক্ষণ বিষয়ে তিনি বলেন, নিজেকে নির্ভুল ও সঠিকভাবে উপস্থাপন করার উপায় হচ্ছে প্রশিক্ষণ। সাংবাদিকরা নানা বিষয় পড়াশোনা করলেও প্রশিক্ষণের কারণে যেকোনো বিষয়ে খুব অল্প কথার মাধ্যমে জাতির কাছে চমৎকার বিষয় উপস্থাপন করতে পারেন।

 

নির্বাচন সম্পর্কে বলেন, নির্বাচনকালে আপনারা অবশ্যই চাঁদপুরের জন্য নিউজ করবেন। এক্ষেত্রে কোনো বিষয় যদি আমার বিরুদ্ধেও যায় তাতেও কোনো সমস্যা নেই।  সংবাদ করার আগে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে যদি সমাধান করা যায় তাহলে সেটাই উত্তম। সাংবাদিকদের লেখার কারণে আমি দেখি এবং শিখি। নির্বাচনকালে যেই বিধি রয়েছে তা অবশ্যই আপনারা জানেন এবং মেনে চলবেন।

তিনি বলেন, ভোটগ্রহণের জন্য সংশ্লিষ্ট যেসব কর্মকর্তা এবং অংশীজন রয়েছেন সবার কার্যক্রম এবং আচার ব্যবহার একই রকম নাও হতে পারে, এসব বিষয় বুঝেই আমাদের কাজ করতে হবে।  সাংবাদিকদের মানোন্নয়নে আরও প্রশিক্ষণ প্রয়োজন হলে অবশ্যই আমি সংশ্লিষ্টদের সুপারিশ করব।

অনুষ্ঠানের সভাপতি করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় প্রশিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বক্তব্য দেন প্রশিক্ষণের সমন্বয়কারী পিআইবির গবেষক মোহাম্মদ সিদ্দিক ফারুক।

প্রশিক্ষণ প্রদান করেন এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নিয়ামুল সাদেক ও ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার বাহারাম খান।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।