চাঁদপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের পাহারা ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন এক আসামি।
শুক্রবার রাতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. ফয়েজ আহম্মেদ।
পলাতক ইসমে আজম খান ওরফে সোহাগ (৩৬) চাঁদপুর শহরের বাসিন্দা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকা থেকে স্থানীয় জনতা চোর সন্দেহে সোহাগকে আটক করে পিটুনি দেয়।
বিষয়টি ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে এসআই স্বপন নন্দীর নেতৃত্বে পুলিশ তাকে উদ্ধার ও আটক করে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি চুরির মামলা করা হয়।
পরে আহত অবস্থায় সোহাগকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
শুক্রবার রাতে ‘বাথরুমে যাওয়ার’ কথা বলে তিন পুলিশ সদস্যের নজরদারি এড়িয়ে পালিয়ে যান তিনি।
ওসি মো. ফয়েজ আহম্মেদ বলেন, পালিয়ে যাওয়া আসামির নামে চাঁদপুর সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে। তাকে পুনরায় গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
