চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের সফল অভিযানে আবারও মাদকের বিরুদ্ধে জোরালো বার্তা উঠে এসেছে। বুধবার রাত সাড়ে সাতটার দিকে দক্ষিণ টামটা ইউনিয়নের শিবপুর এলাকায় অভিযান চালিয়ে ৫৮ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের দিক নির্দেশনায় এসআই (নিঃ) মো. আরিফ হোসাইন ও এএসআই (নিঃ) সাদ্দাম হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল নিয়মিত টহল ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শিবপুর পাটওয়ারী বাড়ি এলাকায় তল্লাশি চালায়। এ সময় স্থানীয় মাদক ব্যবসায়ী মো. সুমন আহম্মদের বাড়িতে হঠাৎ উপস্থিত হয়ে ঘরের ভেতর থেকে তাকে আটক করে পুলিশ। তার হেফাজত থেকেই উদ্ধার হয় মোট ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট।
গ্রেপ্তার সুমন আহম্মদ (৪৬) দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক কারবার চালিয়ে আসছিল বলে দাবি করেছে পুলিশ। তার বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (এফআইআর নং ১৪/২০২৬) রুজু হয়েছে।
থানা সূত্র জানায়, অভিযানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেপ্তার আসামিকে পুলিশ প্রহরার মাধ্যমে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশ বলছে, নির্বাচনী ও উৎসবমুখর সময়কে ঘিরে মাদক কারবারিরা সক্রিয় হওয়ার চেষ্টা করলেও তাদের প্রতিটি নেটওয়ার্কই কঠোর নজরদারিতে রয়েছে। থানা পুলিশের এই অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েছে এবং নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
