ফরিদগঞ্জ উপজেলার চরদু:খিয়া পূর্ব ইউনিয়নের আলোনিয়া গ্রামে শারমিন আক্তার (২১) নামে এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (১২ নভেম্বর ) বিকেলে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে।
সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
মৃতের স্বামীর পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. ইউসুফ মিয়া জানান, শারমিন আক্তার (২১) আলোনিয়া গ্রামের সৌদি আরব প্রবাসী মো. মামুন হোসেনের স্ত্রী। দুই বছর আগে তার বিয়ে হয়। সন্ধ্যায় স্বামীর বসতঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁস দেয়াবস্থায় মরদেহ ঝুলে আছে দেখে বাড়ির লোকজন ডাক চিৎকার দিলে প্রতিবেশিরা এসে পুলিশকে খবর দেয়।
প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহ ও স্বামীর সাথে অভিমান করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
