চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছেন একাংশের নেতাকর্মীরা।
রোববার সন্ধ্যায় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে নেতাকর্মীর অংশগ্রহণে মশাল মিছিল শুরু হয়। মিছিলটি বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে প্রতিবাদকারীরা রাস্তায় কাঠের গুঁড়িতে আগুন জ্বালিয়ে সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পাটোয়ারী।
ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে সম্প্রতি ২৩৮ প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন বঞ্চিত হয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান।
হান্নানকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে বক্তারা বলেন, তিনি তৃণমূল নেতাকর্মীদের নিয়ে রাজনীতি করে আসছেন। বিএনপির দুঃসময়ে সবাইকে সংগঠিত রেখেছেন। অথচ তাকে উপেক্ষা করে অন্য একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এটা এই আসনের মানুষ মানবে না।
মশাল মিছিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন সিফন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদল সভাপতি ইমাম হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জুর, সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী শাওন।
