চাঁদপুর-৫ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি. মো. মমিনুল হকের মনোনয়নে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। ধানের শীষের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করায় হাজীগঞ্জ ও শাহরাস্তিতে বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইঞ্জি. মো. মমিনুল হকসহ দেশের ২৩৭টি আসনে ‘ধানের শীষ’ প্রতীকের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জনপ্রিয় এই নেতাকে বিএনপির প্রার্থী ঘোষণার খবর শোনামাত্রই তার ছবিসহ আলহামদুলিল্লাহ্ লেখা স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নেতাকর্মীরা দুই উপজেলার বিভিন্ন এলাকায় ও দলীয় কার্যালয়ে নিজেরা মিষ্টিমুখ করেন এবং জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করেন।
তবে ইঞ্জি. মমিনুল হকের অনুরোধে আনন্দ মিছিল থেকে বিরত থাকেন নেতাকর্মীরা। যদিও দলীয় মনোনয়নের পূর্বেই গত অক্টোবর মাস থেকে পাড়া-মহল্লায় ও এলাকাভিত্তিক সভা, সমাবেশ ও উঠান বৈঠক শুরু করেন দলের নেতাকর্মীরা। ইঞ্জি. মো. মমিনুল হক গ্রীণ সিগন্যাল পাওয়ার খবর পেয়ে তাকে বিজয়ী করতে আগাম বৈঠক শুরু করেন তারা।
নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে মামলা-হামলা ও জেল-জুলুমে নির্যাতিত কর্মীদের পাশে ছিলেন ইঞ্জি. মো. মমিনুল হক। তার নেতৃত্বে আওয়ামী লীগের বিরুদ্ধে জেলার মধ্যে এবং হাজীগঞ্জ-শাহরাস্তিতে সর্বোচ্চ আন্দোলন-সংগ্রাম হয়েছে। তাই, তিনিই এ আসনে ধানের শীষের একমাত্র দাবিদার ছিলেন।
হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারী বলেন, ‘আমাদের নেতা ইঞ্জি. মমিনুল হককে প্রার্থী ঘোষণা করায় তৃণমূলের প্রত্যাশা পূরণ হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত, দল প্রাপ্য ব্যক্তিকে যথাযথ মূল্যায়ন করেছে। ইনশাআল্লাহ্, তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনে অংশগ্রহণ করবো।’
তিনি বলেন, ‘সাধারণ জনগণ ভোটের অপেক্ষায় রয়েছেন। তাদের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে এ আসন থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করে ইঞ্জি. মমিনুল হককে সংসদে পাঠাবে। আমরাও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে প্রিয় নেতার নেতৃত্বে কাজ করে যাচ্ছি।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
