ঢাকাসোমবার , ২৭ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে একজনকে কুপিয়ে জখম, হত্যাচেষ্টার অভিযোগ

চাঁদপুর ট্রিবিউন
অক্টোবর ২৭, ২০২৫ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের মালরা ভূঁইয়া বাড়ি এলাকায় সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে মোস্তফা ভূঁইয়া (৫২) নামে এক ব্যক্তিকে মাথায় ও শরীরে এলোপাতাডি কুপিয়ে জখম করে আহত করার অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, (সোমবার) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে মালরা ভূঁইয়া বাড়ি মসজিদ সংলগ্ন স্থানে নূর মোহাম্মদ ভূঁইয়ার ছেলে মোস্তফা ভূঁইয়ার ওপর হামলা চালানো হয়। হামলার পর স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে।

গুরুতর আহত মোস্তফা ভূঁইয়া চিকিৎসাধীন অবস্থায় হামলাকারীর নাম প্রকাশ করেন।

তিনি জানান, একই এলাকার নজির ভূঁইয়ার ছেলে মিজানুর রহমান ভূঁইয়া (৪৫) সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তাঁর উপর অতর্কিত হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী ও স্থানীয়দের ভাষ্যমতে, ভিকটিম মোস্তফা ভূঁইয়া এবং অভিযুক্ত মিজানুর রহমান ভূঁইয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এই বিরোধের জেরেই মিজানুর রহমান এই নৃশংস ঘটনা ঘটিয়েছেন।

হামলার শিকার মোস্তফা ভূঁইয়া প্রথমে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এ বিষয়ে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অভিযুক্ত মিজানুর রহমান ভূঁইয়ার স্ত্রী ফুলবানুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মূল অভিযুক্ত মিজানুর রহমানকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

ওসি আরও জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।