প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযানে চাঁদপুরে ২৪ ঘণ্টায় ১১ জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ২৭ লাখ এক হাজার মিটার জাল, ২৪১ কেজি ইলিশ এবং ছয়টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ।
তিনি বলেন, রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত অভয়াশ্রম এলাকায় নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানের নেতৃত্বে টাস্কফোর্সের কর্মকর্তারা অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করেন।
আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে আলাদা পাঁচটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।
পুলিশ সুপার মোশফিকুর রহমান বলেন, “সরকার ঘোষিত ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়নে নৌ পুলিশ তৎপর রয়েছে। নিষিদ্ধ সময় যারা নদীতে ইলিশ আহরণে নামবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মা ইলিশ রক্ষা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ইলিশ সম্পদ নিশ্চিত করা আমাদের লক্ষ্য।”
জেলা প্রশাসন, নৌ-পুলিশ, মৎস্য অধিদপ্তর, কোস্ট গার্ড ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম চলমান রয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
