ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মতলব উত্তরে নামাজরত অবস্থায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

চাঁদপুর ট্রিবিউন
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের মতলব উত্তরে নামাজরত অবস্থায় গোখরা সাপের কামড়ে ফাতেমা বেগম (৫৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার দুর্গম চরাঞ্চল বাহেরচর এলাকায় এ ঘটনা ঘটে। ফাতেমা মোহনপুর ইউনিয়নের চরাঞ্চল বাহেরচর গ্রামের বাসিন্দা আরিফুল মিয়াজির স্ত্রী।

স্বজনরা জানান, প্রতিদিনের মতো এশার নামাজ আদায় করছিলেন ফাতেমা বেগম। নামাজ শেষ করার সময় ডান দিকে সালাম ফেরানোর পর বাম দিকে ফিরতেই একটি গোখরা সাপ তার কোমরে দংশন করে। পরে সাপটি পাশে থাকা ঝোপে চলে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নৌপথে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা মুহাম্মদ ফয়জুল্লাহ জানান, ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঝোপ থেকে বিষাক্ত সাপটি বের করে পিটিয়ে মেরে ফেলেন।

 

প্রায় ১০-১২ দিন আগে ফাতেমা বেগমের বসতঘরের ভেতর থেকে একটি গোখরা সাপ মারা হয়েছিল। এলাকাবাসীর অভিযোগ, দুর্গম চরাঞ্চলে সাপের উপদ্রব বেড়ে গেছে।

ফাতেমা বেগমের স্বামী আরিফুল মিয়াজি বলেন, ‌‘আমরা দুর্গম চরাঞ্চলে বসবাস করি। এখানে কোনো হাসপাতাল বা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নেই। নদীপথে অনেক কষ্টে স্ত্রীকে হাসপাতালে নিতে হয়েছিল। ততক্ষণে আমার সব শেষ হয়ে গেছে।’

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। কিন্তু আমাদের কাছে কেউ অভিযোগ করেননি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।