ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই: খোলা আকাশের নিচে দিনমজুরের পরিবার

চাঁদপুর ট্রিবিউন
জুলাই ১, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেছে দিনমজুর আইয়ুব মোল্লার পরিবার। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে তাদের বসতঘরসহ সব সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। মাথা গোঁজার ঠাঁই ও সহায়-সম্বল হারিয়ে অসহায় পরিবারটি এখন এক কাপড়ে খোলা আকাশের নিচে অবস্থান করছে।

মঙ্গলবার (১ জুলাই) সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মিরপুর গ্রামের ছৈয়াল বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সরেজমিনে দেখা যায়, ক্ষতিগ্রস্ত দিনমজুর আইয়ুব মোল্লা (৩৫) ও তার স্ত্রী গৃহিণী তাসলিমা বেগম (২৭), তাদের দুই সন্তান এবং আইয়ুবের বিধবা মা নুরজাহান বেগম (৫৫) মিলিয়ে পাঁচ সদস্যের একটি পরিবার। কোনোরকমে চলছিল তাদের সংসার। আগুন সবকিছু কেড়ে নিয়েছে। মাথা গোঁজার ঠাঁই নেই, নেই এমনকি একটি থালাও। বুকভরা হাহাকার, চোখভরা কান্না আর খোলা আকাশের নিচে দিন গুনছে হতদরিদ্র পরিবারটি।

 

আইয়ুব মোল্লা বলেন, প্রতিদিনের মতো সকালে আমি জীবিকার উদ্দেশ্যে বাড়ির বাইরে যাই। আমার স্ত্রী সন্তানদের মাদ্রাসায় দিয়ে আসার জন্য বাইরে ছিলেন। এই ফাঁকে আগুন লেগে আমাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন খোলা আকাশের নিচে বসবাস করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।

স্থানীয় বাসিন্দা খোকন মিয়াসহ আরও কয়েকজন জানান, অগ্নিকাণ্ডে পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে গেছে। সরকার ও সমাজের বিত্তবান ব্যক্তিরা যদি পরিবারটির পাশে দাঁড়ায়, তাহলে অসহায় এই পরিবারটি নতুন করে ঘর নির্মাণ করতে পারবে।

ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা মো. কামরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুলতানা রাজিয়া বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। খোঁজখবর নিয়ে পরিবারটিকে সহায়তা করা হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।