ঢাকাসোমবার , ২ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে বসতঘর থেকে ভিজিএফের চাল জব্দ, ইউপি সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
জুন ২, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তি উপজেলায় ইউপি সদস্যদের বসতঘর থেকে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় ইউপি সদস্য মো. হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

রোববার (১ জুন) দিনগত রাত দেড়টার দিকে উপজেলা প্রশাসন ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন।

 

সোমবার (২ জুন) সকালে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা এতথ্য নিশ্চিত করেন।

স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত ১৬ বস্তা আতপ চাল স্থানীয় ইউপি সদস্য মো. হুমায়ুন কবির নিজ বাড়ির বসতঘরে মজুদ করেন।

বিষয়টি ওই এলাকার লোকদের নজরে এলে তারা ইউএনওকে অবহিত করেন। তাৎক্ষণিক ইউএনও ঘটনাস্থলে গিয়ে চাল মজুদের সত্যতা পান এবং অভিযুক্তকে আটক করে মামলা দায়েরের নির্দেশ দেন।

 

গ্রেপ্তার হওয়ার আগে হুমায়ুন কবির দাবি করেন, চালগুলো পরদিন গ্রামবাসীর মধ্যে বিতরণের উদ্দেশ্যে অস্থায়ীভাবে নিজ ঘরে রেখেছেন।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সবুজ বলেন, চালগুলো জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে এবং অভিযুক্তের নামে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা বলেন, ভিজিএফের চাল বাড়িতে মজুদ রাখার কোনো বিধান নেই। চাল বিতরণে অনিয়ম করায় অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।