হাজীগঞ্জে দুর্ঘটনায় আহত হওয়ার ৮দিন পর মো. নাজমুল হাসান সানি মারা যায়। মৃত্যুর একদিন পর পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের ফাইনাল পরিক্ষায় তিনি দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন। সানির সেই রেজাল্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে তাকে স্মরণ করছেন সহপাঠী ও বন্ধুরা।
মো. নাজমুল হাসান সানি চাঁদপুর সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
সোমবার (২৬ মে) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় সে মারা যায়। এর আগে গত ১৮ মে, রোববার রাতে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়।
মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স দ্বিতীয় বর্ষের ফলাফল ঘোষণা করেছে। ঘোষিত ফলাফল অনুযায়ী— সানি দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন। সেই ফলাফল ফেসবুকে দিয়ে তার বন্ধু-শুভাকাঙ্ক্ষীরা স্মৃতিচারণ করছেন।
জানা গেছে, স্কুল শিক্ষক বোনের সাথে শাহরাস্তি উপজেলার উয়ারুক এলাকায় থাকেন সানি। গত ১৮ মে, রোববার রাতে কাজ শেষে তিনি বোনের সাথে সিএনজিযোগে হাজীগঞ্জ থেকে উয়ারুক যাচ্ছিলেন। পথে হাজীগঞ্জ পৌরসভাধীন এনায়েতপুর এলাকায় যাত্রী ছাউনির সামনে দাঁড়ানো একটি ট্রাকের পিছনে সিএনজি ধাক্কা দেয়।
এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রী সানি ও তার বোন গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত সানি ও তার বোনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করেন।
পরবর্তীতে সানি শারিরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় ৮দিন পর সোমবার সকাল সাড়ে ৮টায় মারা যায়।
তার মৃত্যুতে পরিবার,বন্ধু-বান্ধব ও এলাকায় শোকের মাতম চলছে।
