ঢাকামঙ্গলবার , ৪ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটাল চাঁদপুরবাসী

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৪, ২০২৫ ৫:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরে জেলা জুড়ে ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে মানুষ। বিভিন্ন এলাকায় মসজিদের মাইকে ডাকাতের খবর প্রচার করা হচ্ছে এবং সবাইকে সজাগ থেকে পাহারা দেবার ঘোষণা দেয়া হচ্ছে।

এমন ঘোষনায় জেলার বিভিন্ন উপজেলায় বাসা বাড়ি থেকে মানুষ সড়কে নেমে এসেছে। তবে এখন পর্যন্ত ডাকাতির কোন খবর কোথাও নিশ্চিত হওয়া যায়নি বলে এসব তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

সোমবার (৩মার্চ) দিবাগত রাতে মাইকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন তথ্য ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়ে জেলার বাসিন্দারা।

পুলিশ জানায় রাত ১১টার পর থেকে ডাকাত পড়েছে বলে বিভিন্ন এলাকা থেকে খবর জানিয়ে ফোন আসতে শুরু করে। এমন খবরে বিভিন্ন এলাকায় টহল জোরদার করে পুলিশ।

পুলিশের সূত্র আরো জানায়, যেখান থেকেই খবর আসে সেখানে গিয়ে দেখা যায় এমন কোন ডাকাতির ঘটনা ঘটেনি। তবে ডাকাতির খবরে মানুষ আতঙ্কিত হয়ে এক এলাকায় মাইকিং শুনে অন্য এলাকায়ও মাইকিং শুরু করে দেয় বলে পুলিশের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়।

বিশেষ করে জেলার হাজিগঞ্জ, কচুয়া এবং মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় ডাকাত পড়েছে এমন তথ্য সর্বত্র ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে জানতে চাইলে হাজীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ও কচুয়া থানার অফিসার্স ইনচার্জ দুজনেই এই প্রতিবেদককে জানান, বিভিন্ন এলাকায় ডাকাতের বিষয়ে মাইকিং করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার তথ্যটি সঠিক, কিন্তু এখন পর্যন্ত কোথাও ডাকাতের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তাই এটি আমাদের কাছে গুজব হিসেবেই মনে হচ্ছে। তবে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।