মাঠজুড়ে সোনালি ধানের গন্ধ আর খড়ের স্তূপ তখনও রোদে ঠিকমতো শুকায়নি। তার আগেই শনিবার সকাল ১০টার দিকে নীলফামারীর আকাশে জমে ওঠা মেঘ থেকে ঝরতে শুরু করে হালকা বৃষ্টি। আর তাতেই যেন বুক কেঁপে উঠেছে জেলার ধান কাটা কৃষকদের। হালকা বর্ষণের পর যদি ভারী বৃষ্টি নামে, তবে সারা বছরের শ্রম আর পুঁজি জলে ভেসে যাওয়ার শঙ্কায় এখন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাটা ধান ঘরে তোলার প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছেন তাঁরা।
শনিবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকার ফসলের মাঠে দেখা গেছে ব্যস্ততা আর দুশ্চিন্তার মিশ্র চিত্র। মাঠের যেদিকেই তাকানো যায়, চোখে পড়ে কৃষক ও শ্রমিকদের তড়িঘড়ি প্রস্তুতি। কেউ দ্রুত কাটা ধানের আঁটি বাঁধছেন, কেউবা ভ্যানগাড়ি কিংবা অন্যান্য যানবাহনে করে আঁটি তুলে নিচ্ছেন বাড়ির উঠোনে। আবার বাড়িতে জায়গা বা উঠোনের স্বল্পতার কারণে অনেকেই বাধ্য হয়ে রাস্তার ধারেই ধানের আঁটি স্তূপ করে রাখছেন, যাতে অন্তত জলাবদ্ধতা বা কাদা থেকে কিছুটা বাঁচানো যায়।
নীলফামারী সদরের ছিটকালিকাপুর এলাকার কৃষক মানিক হোসেন (৪৫) ফসলের মাঠ থেকে দুশ্চিন্তা নিয়েই জানালেন তাঁর বর্তমান অবস্থার কথা। তিনি বলেন, “আমি পাঁচ বিঘা জমির ধান কাটা শেষ করেছি। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় চিন্তায় পড়ে গেছি। আরও ভারী বৃষ্টি হলে কাটা ধান নষ্ট হয়ে যেতে পারে। তাই দ্রুত ধানের আঁটি বেঁধে বাড়িতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। জায়গার অভাবে কিছু ধানের আঁটি রাস্তার ধারে রেখে দিচ্ছি।”
একইরকম উৎকণ্ঠায় দিন কাটছে আরেক কৃষক ফাইম ইসলামের। জনবল সংকটের মাঝেও একাই লড়াই করছেন তিনি। ফাইম ইসলাম বলেন, “বাড়িতে লোকজন না থাকায় নিজেই ভ্যানে করে ধানের আঁটি নিয়ে যাচ্ছি। হঠাৎ ভারী বৃষ্টি হলে আমাদের সব শেষ হয়ে যাবে। অনেক কষ্ট করে ফসল ফলিয়েছি। সেই ফসল নষ্ট হয়ে গেলে আমাদের পথে বসতে হবে।”
কৃষকদের ভাষ্য, কাটা ধান ও খড় মাঠে পড়ে থাকা অবস্থায় হালকা বৃষ্টির পর যদি ভারী বৃষ্টি শুরু হয়, তবে একদিকে যেমন ধান ভিজে নষ্ট ও অঙ্কুরোদগমের ঝুঁকি তৈরি হবে, অন্যদিকে শুকাতেও দীর্ঘ সময় লাগবে। সব মিলিয়ে ফলন নষ্ট হওয়া ও শুকানোর জটিলতায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন তাঁরা।
ঘনঘন মেঘলা আকাশের দিকে তাকিয়ে আর প্রকৃতির খামখেয়ালিপনার সঙ্গে লড়ে এখন একটাই লক্ষ্য নীলফামারীর কৃষকদের—যেকোনোভাবে কষ্টের ফসলটুকু নিরাপদে ঘরে তোলা।
