শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ফারুক রুমীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। পরে রাজধানীর মিন্টো রোডের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, রুমীর বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডে অর্থ জোগানের অভিযোগ রয়েছে। সম্প্রতি শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন এবং এলাকায় সহিংস তৎপরতায় অর্থ জোগানের অভিযোগও খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ। এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন সহিংস ঘটনায় অর্থদাতা হিসেবে তার সম্পৃক্ততার অভিযোগও উঠেছে।
চাঁদপুর জেলার ‘শেখ হাসিনা সংগ্রাম পরিষদ’এর আহ্বায়ক কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্যের তালিকায়ও তার নাম রয়েছে। ওই তালিকা চলতি বছরের ১৫ জানুয়ারি প্রকাশিত হয়।
ডিবি পুলিশ আরও জানায়, শাহরাস্তি ও ঢাকার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। শাহরাস্তি থানার একটি এজাহারের তথ্য অনুযায়ী ২০২৫ সালের ২৩ জুন সন্ধ্যায় শাহরাস্তির ওয়ারুক স্টেশন বাজারে সরকারবিরোধী মিছিল ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে ৪৩ নম্বর আসামি করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় দায়ের করা ওই মামলায় তাকে সমর্থক, অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
ডিবি পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
