ঢাকাবৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় চাংপুর গ্রামকে একক ওয়ার্ড করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

শান্তু ধর
অক্টোবর ২২, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের চাংপুর গ্রামকে এককভাবে একটি ওয়ার্ড হিসেবে গঠনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে কচুয়া-সাচার আঞ্চলিক সড়কের চাংপুর-শিমুলতলী মোড়ে সর্বস্তরের গ্রামবাসীর উদ্যোগে প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, কচুয়া উপজেলার অন্যতম বৃহত্তম ইউনিয়ন ৩নং বিতারা ইউনিয়নকে দুই ভাগে বিভক্ত করার প্রক্রিয়া চলছে। ইউনিয়ন বিভক্তি নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তবে চাংপুর গ্রামের ভৌগোলিক অবস্থান, সামাজিক ঐক্য, জনস্বার্থ ও সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে গ্রামটিকে এককভাবে একটি ওয়ার্ড হিসেবে রাখার দাবি জানান তাঁরা।

বক্তারা বলেন, চাংপুর গ্রামের মানুষের মধ্যে দীর্ঘদিনের সামাজিক বন্ধন, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক রয়েছে। গ্রামটিকে একাধিক ওয়ার্ডে বিভক্ত করা হলে সামাজিক কার্যক্রম ও সাধারণ মানুষের বিভিন্ন প্রয়োজনে জটিলতা সৃষ্টি হতে পারে। তাই প্রশাসনিক পুনর্বিন্যাসের ক্ষেত্রে স্থানীয় মানুষের মতামত ও বাস্তব পরিস্থিতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তাঁরা।

তাঁরা আরও বলেন, ইউনিয়ন যেভাবেই পুনর্গঠন করা হোক না কেন, চাংপুর গ্রামকে যেন একক ওয়ার্ড হিসেবে রাখা হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জনস্বার্থ ও স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন দেলোয়ার ভূঁইয়া, নজরুল মাস্টার, রোকন, কবির হোসেন, কামাল হোসেন, হাবিব ভূঁইয়া, হারুনুর রশীদ ও মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধন থেকে চাংপুর গ্রামকে একক ওয়ার্ড হিসেবে গঠনের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।