ঢাকাসোমবার , ৫ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে শিক্ষক দিবসে ছয় গুণী শিক্ষক ও এক প্রতিষ্ঠানকে সংবর্ধনা

শাখাওয়াত হোসেন শামীম
অক্টোবর ৫, ২০২৬ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ছয় গুণী শিক্ষক ও একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য দেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক।

‘শিক্ষকদের পাশে দাঁড়ানো,পেশা রক্ষা, মর্যাদার উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ বিনির্মাণে ৬০ বছর’—এই স্লোগানে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও গুণী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে আলীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে অধ্যক্ষ মোহাম্মদ মুযযাম্মেল হুসাইন, সিনিয়র শিক্ষক মুহাম্মদ আনিছুর রহমান মজুমদার ও সহকারী শিক্ষক মো.শরীফুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়।

প্রাথমিক শিক্ষা পর্যায়ে প্রধান শিক্ষক মো. তুহিন হায়দার শিশির,সহকারী শিক্ষক নাছিমা বেগম ও কাজী কামরুন্নাহারকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করায় রামচন্দ্রপুর ভুঞা একাডেমিকেও সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়।

সহকারী শিক্ষক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরি ও জাহিদ হাসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান,উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী এবং হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এএসএম কামরুজ্জামান টুটুল।

শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন অধ্যক্ষ মো. মনিরুল হক পাটওয়ারী,মো.আবু ছাইদ, মাও. মো. আনিছুর রহমান,মাও. মো. মিজানুর রহমান, প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, মো. ইসমাইল হোসেন সরদার ও মো. তুহিন হায়দার শিশির প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন অধ্যক্ষ মাও. মো. নাজিম উদ্দীন এবং গীতা পাঠ করেন সহকারী শিক্ষক রতন চন্দ্র। পরে প্রয়াত শিক্ষকদের মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

বক্তব্য শেষে অতিথিরা সংবর্ধিত গুণী হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

এ সময় হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ,সাধারণ সম্পাদক মেহেদী হাছান পাপ্পুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।