ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে আহত তিন রোগী

Chandpur Tribune
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে তিন রোগী আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় পুরুষ ওয়ার্ডের সার্জারি বিভাগে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—রফিকুল ইসলাম (৭০), আকতার হোসেন (৮০) ও আবুল খায়ের (৪৫)। তাদের মধ্যে আবুল খায়েরের আঘাত গুরুতর। ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ আহত রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে।

হাসপাতাল সূত্র জানায়, ভবনটি দীর্ঘদিনের পুরোনো হওয়ায় এর আগেও শিশু ওয়ার্ডসহ বিভিন্ন স্থানে ছাদের পলেস্তারা খসে পড়েছে। সর্বশেষ এ ঘটনায় পুরুষ ওয়ার্ডের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক রোগী হাসপাতাল ছেড়ে যাওয়ার কথাও ভাবছেন। তারা দ্রুত ঝুঁকিপূর্ণ অংশগুলোর স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন।

ঘটনার খবর পেয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, ২৫০ শয্যার হাসপাতালটিতে বর্তমানে প্রায় ৬০০ রোগী চিকিৎসাধীন রয়েছেন। অতিরিক্ত রোগীর চাপের কারণে হাসপাতালের পুরোনো অবকাঠামোর ওপরও চাপ বাড়ছে। নতুন ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আগেই আবেদন করা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে মেরামতের কাজ চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।