ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাইমচরে রাসেল ভাইপারের ছোবল শিশুকে, বোতলবন্দি সাপ নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা

Chandpur Tribune
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাইমচরে রাসেল ভাইপারের ছোবলে মরিয়ম নামে এক শিশু আক্রান্ত হয়েছে। তবে আতঙ্কিত না হয়ে তাৎক্ষণিকভাবে সাহসিকতা ও সচেতনতার পরিচয় দিয়েছেন শিশুটির বাবা মনির হোসেন। তিনি ছোবল দেওয়া সাপটিকে একটি বোতলে বন্দি করে শিশুকে নিয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে শিশুটিকে চিকিৎসার জন্য নেওয়া হয়। মরিয়ম হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের শেখকান্দি গ্রামের বাসিন্দা মনির হোসেনের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, বাড়ির সামনে খেলাধুলা শেষে ঘরে ফেরার সময় হঠাৎ মরিয়মের পায়ে রাসেল ভাইপারের একটি বাচ্চা সাপ ছোবল দেয়। বিষয়টি বুঝতে পেরে শিশুটিকে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়ার পাশাপাশি মনির হোসেন রাস্তার পাশ থেকে সাপটিকে খুঁজে বের করে বোতলে বন্দি করেন।

এরপর এক হাতে শিশুকে এবং অন্য হাতে বোতলবন্দি সাপ নিয়ে প্রথমে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা দ্রুত মরিয়মের চিকিৎসা শুরু করেন। তাকে অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়। বর্তমানে শিশুটিকে অন্তত ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হাসপাতালের চিকিৎসক ডা. এনামুল হক জানান, সাপে কাটার পর দ্রুত হাসপাতালে আনা এবং সময়মতো চিকিৎসা শুরু হওয়ায় শিশুটির জীবন রক্ষা করা সম্ভব হয়েছে।

এদিকে বর্ষা মৌসুমে চরাঞ্চল ও নদীতীরবর্তী এলাকায় সাপের উপদ্রব বাড়ায় স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। সাপে কাটলে দেরি না করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।