ঢাকারবিবার , ৩০ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান, প্রশংসায় এসআই হুমায়ূন কবির

মো. নাঈম হোসেন পলোয়ান
আগস্ট ৩০, ২০২৬ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা রেখে আলোচনায় এসেছেন থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হুমায়ূন কবির। গত পাঁচ মাসে মাদকবিরোধী বিভিন্ন অভিযানে বাদী হয়ে তিনি ৫০টিরও বেশি মাদক মামলা করেছেন। ধারাবাহিক এসব অভিযানে মাদকদ্রব্য উদ্ধার ও সংশ্লিষ্টদের গ্রেপ্তারের কারণে স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ থানায় দায়িত্ব পালনের পর থেকেই মাদকবিরোধী অভিযানকে গুরুত্ব দিয়ে কাজ করছেন এসআই মোহাম্মদ হুমায়ূন কবির। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা, মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত তৎপর রয়েছেন তিনি।

তার দায়ের করা ৫০টিরও বেশি মাদক মামলার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আসে ২ হাজার পিস ইয়াবাসহ এক মা ও ছেলেকে গ্রেপ্তারের ঘটনা। ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনায় বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

পুলিশের এমন অভিযানে মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলে স্থানীয়দের দাবি। একই সঙ্গে মাদকবিরোধী কার্যক্রমে এসআই মোহাম্মদ হুমায়ূন কবিরের ভূমিকার প্রশংসা করেছেন অনেকে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.এরশাদ উল্লা বলেন, মাদকের বিরুদ্ধে থানার পুলিশের অভিযান নিয়মিতভাবে চলছে। মাদক কারবারি ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন।

তিনি আরও বলেন, এসআই মোহাম্মদ হুমায়ূন কবিরসহ থানার পুলিশ সদস্যরা মাদকবিরোধী অভিযানে দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনা হবে।

ফরিদগঞ্জে মাদকের বিস্তার রোধে পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকলে মাদক কারবারিদের নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মনে করছেন স্থানীয়রা। ধারাবাহিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এসআই মোহাম্মদ হুমায়ূন কবির মাদকবিরোধী কার্যক্রমে প্রশংসার দাবিদার বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।