ফরিদগঞ্জে নিজ বাড়ির বাইরে থেকে ইউসুফ আলী মাস্টার (৬০) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর প্রায় ৩০ ঘণ্টা পর শুক্রবার (২১ আগস্ট) বিকেলে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইউসুফ আলী উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম বদরপুর গ্রামের আনিস ভূঁইয়া বাড়ির বাসিন্দা ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ইউসুফ আলী বেশ কিছুদিন ধরে একাই বসবাস করছিলেন। প্রায় দুই বছর আগে তাঁর স্ত্রী মারা যান। তিন মেয়েরই বিয়ে হয়ে গেছে। একমাত্র ছোট ছেলে মাদ্রাসায় পড়াশোনার কারণে বোনের বাড়িতে থাকত।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি দোকানে ছোট ভাইদের সঙ্গে চা পান করে নিজ বাড়িতে ফেরেন ইউসুফ আলী। এরপর থেকে তাঁকে আর দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, গোসল শেষে ঘরে ফেরার পথে আকস্মিক স্ট্রোকে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে দীর্ঘ সময় তাঁর মরদেহ বাড়ির বাইরে পড়ে ছিল।
শুক্রবার জুমার নামাজের আগে বাড়ির দুটি শিশু ঘরের বাইরে মরদেহটি পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে বিষয়টি জানতে পারেন। পরে খবর পেয়ে নিহতের মেজো মেয়ে রেহানা খাতুন বাড়িতে আসেন।
রেহানা খাতুন জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। বৃহস্পতিবার তাঁকে কোনো খাবার পাঠানো সম্ভব হয়নি। ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ প্রকাশ না করায় এবং তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
