ঢাকাশুক্রবার , ২১ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে রিকশা মার্কায় ভোট চেয়ে কাজী জিয়াউর রহমানের গণসংযোগ

শাখাওয়াত হোসেন শামীম
আগস্ট ২১, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আসন্ন কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৬ উপলক্ষে সাধারণ সম্পাদক পদপ্রার্থী কাজী জিয়াউর রহমান রিকশা মার্কায় ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেছেন।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে তিনি হাজীগঞ্জ পূর্ব বাজার থেকে পশ্চিম বাজারের মিঠানিয়া ব্রিজ পর্যন্ত বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ী ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজের নির্বাচনী প্রতীক রিকশা মার্কায় ভোট ও দোয়া কামনা করেন।

গণসংযোগকালে কাজী জিয়াউর রহমান ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে নির্বাচিত হলে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ,তাদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন এবং হাজীগঞ্জ বাজারকে আরও সুশৃঙ্খল,নিরাপদ ও ব্যবসাবান্ধব পরিবেশে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় তার সঙ্গে থাকা সমর্থকরা ব্যবসায়ীদের মাঝে প্রচারপত্র বিতরণ করেন এবং সাধারণ সম্পাদক পদে রিকশা মার্কায় ভোট দেওয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। প্রচারণাকে ঘিরে ব্যবসায়ী ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

কাজী জিয়াউর রহমান বলেন,“হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার সুযোগ পেলে সততা,নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করব। ব্যবসায়ীদের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব। এজন্য আমি বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ভাইদের সহযোগিতা,দোয়া ও মূল্যবান ভোট কামনা করছি।”

উল্লেখ্য,হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৬ আগামী ২৯ আগস্ট ২০২৬,শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত ২০ আগস্ট নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা নিজ নিজ প্রতীকে ভোট চেয়ে ব্যবসায়ীদের সঙ্গে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।