ঢাকাশুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ, পাঁচ পুলিশ সদস্যকে বরখাস্ত

Chandpur Tribune
আগস্ট ১৪, ২০২৬ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়ার পর বুধবার (১২ আগস্ট) চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেন।

 

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন- শাহরাস্তি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসাইন, সহকারী উপপরিদর্শক (এএসআই) শহীদ উল্লাহ, কনস্টেবল শরিফ উদ্দিন, গাড়িচালক নজরুল ইসলাম ও কনস্টেবল ইসতিয়াক।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই শাহরাস্তি উপজেলার আয়নাতলি বাজারে মাদক ব্যবসায়ী মিজানুর রহমানকে স্থানীয় জনতা আটক করে। এ সময় তার মোবাইল ফোনে পুলিশের সঙ্গে কথোপকথন, অর্থ লেনদেনসহ বিভিন্ন তথ্য পাওয়া যায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

 

এরপর অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশের পক্ষ থেকে প্রাথমিক তদন্ত শুরু করা হয়। তদন্তে অভিযুক্ত পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে তাদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

তবে এর আগেই মাদকের সঙ্গে পুলিশের যোগসাজশের অভিযোগ নিয়ে তোলপাড় শুরু হলে গত ৩ আগস্ট এএসআই শহীদ উল্লাহ এবং ৫ আগস্ট কনস্টেবল শরিফ উদ্দিনকে কুমিল্লায় বদলি করা হয়।

 

 

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী বলেন, ‘প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ কারণে পাঁচজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। চূড়ান্ত তদন্তে তারা অভিযুক্ত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।