ঢাকাবুধবার , ১২ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে সড়কে শৃঙ্খলা ফেরাতে ভারী ট্রাক চলাচলে সময়সীমা নির্ধারণ

মো. সিদ্দিকুর রহমান নয়ন
আগস্ট ১২, ২০২৬ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের শাহরাস্তিতে সড়কে শৃঙ্খলা ফেরানো, দুর্ঘটনা রোধ ও যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কসহ উপজেলার প্রধান সড়কগুলোতে ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ এবং মালবাহী ভারী ট্রাক চলাচলে সময়সীমা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুনের সভাপতিত্বে সভায় প্রশাসন, পুলিশ, ট্রাফিক বিভাগ, রাজনৈতিক ও শ্রমিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সভায় শাহরাস্তি উপজেলা ও চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সাম্প্রতিক দুর্ঘটনা, ভারী যানবাহন ও ছোট পরিবহনের বেপরোয়া চলাচল, যানবাহনের বৈধ কাগজপত্র ও ফিটনেস, ট্রাফিক পুলিশের ভূমিকা এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মনিরা খাতুন বলেন, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি সম্পূর্ণভাবে বন্ধ করা কঠিন হলেও সচেতনতা বৃদ্ধি ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অকাল মৃত্যু অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। গণপরিবহন, বিশেষ করে মালবাহী ডাম্প ট্রাক, সিএনজি অটোরিকশাসহ ছোট-বড় যানবাহনের বেপরোয়া গতি ও চলাচল নিয়ন্ত্রণ করতে হবে।

পাশাপাশি যানবাহনের বৈধ কাগজপত্র ও ফিটনেস নিশ্চিত এবং ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসন একা কাজ করলে হবে না। পুলিশ, পরিবহন শ্রমিক ও মালিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম এবং সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা, অকাল মৃত্যু ও জনভোগান্তি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

মঙ্গলবার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সংঘটিত দুর্ঘটনায় তিনজনের প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ ও সমবেদনা জানিয়ে ইউএনও বলেন, আপনজন হারানোর কষ্ট যারা পেয়েছেন, তারাই এ বেদনা সবচেয়ে বেশি বোঝেন। ভবিষ্যতে যাতে এভাবে আর কোনো প্রাণ ঝরে না যায়, সে জন্য সবাইকে সঙ্গে নিয়ে প্রশাসন কাজ করবে।

সভায় আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কসহ শাহরাস্তি উপজেলার প্রধান সড়কগুলোতে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত মালবাহী ভারী ট্রাক চলাচল নিয়ন্ত্রণ করা হবে। রাত ৯টা থেকে সকাল ৭টা পর্যন্ত এসব যান চলাচল করতে পারবে। এ সিদ্ধান্ত অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সভায় জানানো হয়।

 

এ সময় ট্রাফিক আইনের শতভাগ প্রয়োগ নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের টিআই মোহাম্মদ রফিকুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করেন উপস্থিত ব্যক্তিরা। একই সঙ্গে সড়কে নিয়মিত নজরদারি ও আইন প্রয়োগ জোরদারের আহ্বান জানানো হয়।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, সড়কের যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বদ্ধপরিকর। প্রশাসনের সিদ্ধান্ত বাস্তবায়নে পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা করবে। সড়কে শৃঙ্খলা ফেরানো ও দুর্ঘটনা রোধে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। মঙ্গলবারের দুর্ঘটনায় তিনজনের প্রাণহানিতে তিনি দুঃখ প্রকাশ করেন।

সভায় শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, যুগ্ম সম্পাদক মো. ইকবাল হোসেন, শাহরাস্তি মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম, ট্রাফিক পুলিশের টিআই মোহাম্মদ রফিকুল ইসলাম, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মইনুল ইসলাম কাজল, ফয়েজ আহমেদ, মহিউদ্দিন মাইনু, ফয়সাল আহমেদ, সিদ্দিকুর রহমান নয়ন, আবু মুসা আল শিহাব, মো. জামাল হোসেন , মাসুদ রানা বক্তব্য দেন।

বক্তারা সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ, অবৈধ ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা এবং চালকদের বেপরোয়া গতি নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করেন।

প্রশাসনের এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দিনের ব্যস্ত সময়ে ভারী ট্রাক চলাচল কমবে এবং চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমার পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।