ঢাকাশুক্রবার , ৭ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জের টোরাগড় কাজী বাড়ি সড়কে রহিমা ভবনে চুরির চেষ্টা, বাইরে থেকে প্রধান ফটকে তালা

Chandpur Tribune
আগস্ট ৭, ২০২৬ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের টোরাগড় কাজী বাড়ি সড়কে রহিমা ভবনে চুরির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। চুরির উদ্দেশ্যে ভবনের ভেতরে প্রবেশের পর কোনো মালামাল না নিয়ে প্রধান ফটকের বাইরে থেকে তালা লাগিয়ে চলে যায় তারা। এতে সকালে ঘুম থেকে উঠে বাসার লোকজন বাইরে বের হতে না পেরে আতঙ্কিত হয়ে পড়েন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে হাজীগঞ্জ পৌর এলাকার সাবেক ওয়াপদার পাশে টোরাগড় কাজী বাড়ি সড়কের রহিমা ভবনে এ ঘটনা ঘটে।

ভবনের মালিক মোহাম্মদ ওমর গণি জানান, প্রতিদিনের মতো পরিবারের সদস্যরা রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা ভবনের প্রধান ফটক দিয়ে প্রবেশ করে প্রথম ও দ্বিতীয় তলায় ঘোরাফেরা করে। তবে কোনো মালামাল না নিয়ে যাওয়ার সময় প্রধান ফটকটি বাইরে থেকে লক করে পালিয়ে যায়।

তিনি বলেন, শুক্রবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা বাসার বাইরে বের হতে গিয়ে দেখতে পান প্রধান ফটক বাইরে থেকে তালাবদ্ধ। এতে তারা ভয় পেয়ে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা এসে তালা খুলে দিলে তারা বাইরে বের হতে পারেন।

মোহাম্মদ ওমর গণি আরও বলেন, ভবনে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে রাতের ঘটনার কিছু তথ্য পাওয়া গেছে। ফুটেজে দেখা যায়, দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে। তাদের উদ্দেশ্য কী ছিল, তা নিয়ে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। বিষয়টি প্রশাসনের নজরে আনা প্রয়োজন।

এদিকে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। কেউ ঘটনাটিকে পরিকল্পিত চুরির প্রস্তুতি হিসেবে দেখছেন, আবার কেউ ধারণা করছেন, ভবনের ভেতরের পরিস্থিতি ও মালামাল সম্পর্কে তথ্য সংগ্রহ করতেই দুর্বৃত্তরা সেখানে প্রবেশ করেছিল।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রাতের বেলায় পুলিশের টহল আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

স্থানীয়রা বলেন, জননিরাপত্তার স্বার্থে টোরাগড় কাজী বাড়ি সড়কসহ আশপাশের এলাকায় নিয়মিত রাতের টহল বাড়ানো হলে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।