চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, হাইমচরকে একটি আধুনিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ উপজেলায় পরিণত করার লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ চলছে।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের মেঘনা হলে হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা আয়োজিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য জানান, চাঁদপুর শহর থেকে হাইমচর পর্যন্ত ৩৪ ফুট প্রশস্ত দুই লেনের সড়ক এবং পুরান বাজার থেকে তেলিরমোড় পর্যন্ত রিভার ড্রাইভ নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রস্তাবিত হাইমচর ইকোনমিক জোনের প্রায় ১,৪০০ একর এলাকায় কৃষিভিত্তিক শিল্প, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের কথা উল্লেখ করেন।
সভায় সভাপতিত্ব করেন হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি ও সাবেক হিসাব মহানিয়ন্ত্রক আবুল কালাম আজাদ। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম খলিল শামীম। স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব উল আলম সমিতির চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমিতির উপদেষ্টা ও সাবেক সভাপতি এজেডএম আজিজুর রহমান, সিনিয়র সহসভাপতি ড. মো. শাহাদাৎ হোসেন এবং সহসভাপতি ও সাবেক ডিআইজি নিবাস চন্দ্র মাঝি। বক্তারা হাইমচরের উন্নয়নে সমিতির কার্যক্রম আরও সম্প্রসারণ এবং দেশ-বিদেশে বসবাসরত হাইমচরবাসীর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া সভায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুখলেছুর রহমান পাটওয়ারী, বিআইডব্লিউটিএর সাবেক প্রধান প্রকৌশলী আবদুর রহিম তালুকদার, ব্যবসায়ী মো. শাহজাহান আখন্দ, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. সালাউদ্দিন মামুন, কে এ ডিজাইন গ্রুপের চেয়ারম্যান মো. জিয়া উদ্দিন বাবলুসহ সমিতির বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা হাইমচরের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে উপজেলাটিকে একটি আধুনিক ও সম্ভাবনাময় জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
