ঢাকাশুক্রবার , ৩১ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গণভোটের রায় বাস্তবায়িত না হলে রাজপথে আন্দোলন: যশোরে মিয়া গোলাম পরওয়ার

Chandpur Tribune
জুলাই ৩১, ২০২৬ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

জনগণের প্রত্যাশা ও গণভোটের রায় বাস্তবায়িত না হলে নতুন ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন অধরাই থেকে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিঞা গোলাম পরওয়ার। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সংসদে আলোচনার মাধ্যমে সংবিধান সংস্কার মেনে নেওয়ার সুযোগ রয়েছে। তবে তা না হলে জনগণের ৭০ শতাংশ ভোটকে শক্তিতে রূপান্তর করে রাজপথে আন্দোলনের মাধ্যমে গণভোটের রায় কার্যকর করা হবে।

আজ বিকেলে যশোরের বিডি হলে আয়োজিত গণঅভ্যুত্থান, প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দলের জেলা আমীর ও যশোর ৪ আসনের সাংসদ সদস্য অধ্যাপক গোলাম রসূলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বর্তমান শাসনব্যবস্থা ও রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, সর্বত্র দলীয়করণ ও দুর্নীতি বিদ্যমান। পাঁচ মাসে রাষ্ট্রের মূল কাঠামোর কোনো পরিবর্তন হয়নি; জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষে এখনো দলীয় প্রভাব বজায় রাখা হয়েছে। নাম পাল্টালেও রাজনৈতিক চরিত্র একই রয়ে গেছে বলে তিনি দাবি করেন।

সমাবেশ থেকে তিনি ফ্যাসিবাদের পথ থেকে সরে এসে একটি বৈষম্যহীন ও দলীয়করণমুক্ত রাষ্ট্র গঠনের আহ্বান জানান। একই সাথে ১১ দলীয় জোটের পরবর্তী আন্দোলন ও গণমিছিলসহ ঘোষিত কর্মসূচিগুলোতে জনগণকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ.এস.এম শাহরিয়ার কবির, যশোর ১ আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান যশোর ৫ আসনের সাংসদ সদস্য এ্যাড. গাজী এনামুল হক, যশোর ৬ আসনের সাংসদ সদস্য মুক্তার আলী, নড়াইল ২ আসনের সাংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান, এলডিপি জেলা সম্পাদক খালেকুজ্জামান রিপন, জেলা এবি পার্টি সভাপতি ইয়ামিনুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।