ঢাকাশনিবার , ২৫ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

Chandpur Tribune
জুলাই ২৫, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে জারিকৃত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের মোবাইল ফোন আসক্তি দূর করা, লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি করা এবং তাদের ভবিষ্যৎ সুগঠনের লক্ষ্যে উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এ নির্দেশ জারি করা হয়েছে। কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাঁর অভিভাবককে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

পত্রে আরও জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিপত্র এবং চাঁদপুর জেলা প্রশাসকের আদেশের আলোকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ২৩ মে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হকের উপস্থিতিতে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

সভার সিদ্ধান্ত মোতাবেক উপজেলার সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা অবিলম্বে বাস্তবায়ন করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন স্বাক্ষরিত নির্দেশনার এ অনুলিপি স্থানীয় সংসদ সদস্য (চাঁদপুর-৫), জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।