ঢাকাশুক্রবার , ২৪ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড টোরাগড়ে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হাসান মিয়াজীর ব্যাপক গণসংযোগ 

শাখাওয়াত হোসেন শামীম
জুলাই ২৪, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টোরাগড় এলাকায় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন।

কর্মসূচির শুরুতে টোরাগড় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, দোকানদার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন তিনি। এ সময় এলাকাবাসীর বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও উন্নয়ন-সংক্রান্ত মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গঠনের পরিকল্পনার কথা তুলে ধরেন।

পরে টোরাগড় কাজী বাড়ি জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে ওয়ার্ডের বিভিন্ন সড়ক, অলিগলি ও পাড়ায় ব্যাপক গণসংযোগ চালিয়ে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় এবং সংক্ষিপ্ত পথসভায় তিনি উন্নয়ন, সুশাসন ও নাগরিকসেবামুখী পৌরসভা গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।

গণসংযোগকালে মোহাম্মদ হাসান মিয়াজী বলেন, “আমি হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছি। বিএনপির একজন কর্মী হিসেবে দলীয় সমর্থন প্রত্যাশা করছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে নির্বাচন করব। আর যদি অন্য কাউকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে দলের সিদ্ধান্ত মেনে তার পক্ষেই কাজ করব। দল ও জনগণের স্বার্থই আমার কাছে সর্বাগ্রে।”

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে একটি পরিচ্ছন্ন, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আধুনিক পৌরসভা গড়ে তুলতে কাজ করবেন। প্রশাসনের সহযোগিতায় মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ, নাগরিক সেবার মানোন্নয়ন এবং উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

হাসান মিয়াজী বলেন, হাজীগঞ্জ বাজারের দীর্ঘদিনের যানজট নিরসনে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের পরামর্শ ও সহযোগিতায় বাস্তবসম্মত ও টেকসই পরিকল্পনা গ্রহণ করা হবে। পাশাপাশি পৌরসভার অর্থের সুষ্ঠু, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করা হবে এবং জনস্বার্থবিরোধী বা বিধিবহির্ভূত কোনো প্রকল্প গ্রহণ করা হবে না।

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।