হাজীগঞ্জে জুলাই আন্দোলনের সময় নিহত আজাদ সরকার হত্যা মামলার পাঁচ আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) চাঁদপুরের আদালতে আত্মসমর্পণের পর তারা জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন— ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কাজী বশির, উপজেলা ছাত্রলীগ নেতা সুমন, পৌর ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হুমায়ন আজাদ, পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কাজী রাকিব এবং রুবেল কাজী।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্রদের অসহযোগ আন্দোলনের সময় হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকায় নিজ বাড়ির সামনে হামলার শিকার হন আজাদ সরকার। তিনি টোরাগড় গ্রামের মৃত আনু সরকারের ছেলে। অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে কুমিল্লার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই তার মৃত্যু হয়।
ঘটনার পর উদ্ভূত পরিস্থিতির কারণে তাৎক্ষণিকভাবে মামলা দায়ের করা সম্ভব না হলেও পরবর্তীতে ১৪ আগস্ট নিহতের ছেলে হিমেল সরকার হাজীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় আসামি করা হয় টোরাগড় গ্রামের কাজী বাড়ির ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিঠু কাজী, সাবেক সাধারণ সম্পাদক মোবারক কাজী, আওয়ামী লীগ নেতা বশির কাজী, বাদল কাজী ও নুরু কাজী, ছাত্রলীগ নেতা তুষার কাজী, রাকিব কাজী, সিয়াম কাজী ও রুবেল কাজীকে।
এছাড়া হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ গ্রামের পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি, সাবেক সাধারণ সম্পাদক শুকুর আলম শুভ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হুমায়ন আজাদ, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচৈই গ্রামের আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন এবং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মৈশামূড়া গ্রামের সুমনকেও এ মামলার আসামি করা হয়।
মামলায় ১৫ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়।
এজাহারভুক্ত আসামিদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের একাধিক নেতা-কর্মীর নাম রয়েছে। মামলা দায়েরের পর থেকে এর তদন্ত ও বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার পাঁচ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী চলমান রয়েছে।
