ঢাকামঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে শতবর্ষের চলাচলের পথ খুলে দিল উপজেলা প্রশাসন, পুনরায় বাধা দিলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মো. সিদ্দিকুর রহমান নয়ন
জুলাই ১৪, ২০২৬ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিংপুর হিন্দু বাড়ি সংলগ্ন মৃধা বাড়ির প্রধান চলাচলের পথ পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন। পরিদর্শন শেষে দীর্ঘদিনের ব্যবহৃত পথটি খুলে দেওয়ার নির্দেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব হিল্লোল চাকমা।

জানা যায়, নরিংপুর হিন্দু বাড়ি সংলগ্ন মৃধা বাড়ি থেকে বের হওয়ার এ পথটি স্থানীয়রা শত বছর ধরে ব্যবহার করে আসছেন। বর্তমানে ওই এলাকায় প্রায় ১৭টি পরিবার বসবাস করছে। সম্প্রতি পার্শ্ববর্তী বাড়ির লোকজনের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে চলাচলের পথটি তারকাঁটা দিয়ে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। এতে হিন্দু ও মুসলিমসহ অন্তত ১৭টি পরিবারের সদস্য এবং আশপাশের সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।

স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে চাঁদপুরের জেলা প্রশাসক এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে।

পরিদর্শনের সময় অভিযোগের সত্যতা পাওয়া গেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব হিল্লোল চাকমা উপস্থিত ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্টদের তাৎক্ষণিকভাবে পথটি খুলে দেওয়ার নির্দেশ দেন। পরে চলাচলের পথটি খুলে দেওয়া হয়।

এ সময় তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বাদী-বিবাদী উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

পাশাপাশি ভবিষ্যতে কেউ যদি পুনরায় পথটি বন্ধ করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেন। এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়।

পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা, শাহরাস্তি থানার সাব-ইন্সপেক্টর ফরিদ আহমদ, পুলিশ সদস্য, গ্রাম পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।