কুমিল্লার দেবিদ্বারে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে এক শিক্ষকে আপত্তিকর অবস্থায় পাওয়ার অভিযোগ উঠেছে। এসময় উত্তেজিত জনতা ওই শিক্ষককে গণপিটুনি দিয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) রাতে উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বল্লভপুর গ্রামে বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শিক্ষকের নাম মো. মুক্তল হোসেন (৫০)। তিনি মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বনকোট গ্রামের আব্দুল করিমের ছেলে।
ইউপি সদস্য মো. জাকির হোসেন মোল্লা, শিউলি আক্তারসহ স্থানীয়রা জানান, উপজেলার ঊজানীজোড়া গ্রামের খন্দকার বাড়ির এক প্রবাসীর স্ত্রী (৩০) তার এক ছেলে ও এক মেয়ে নিয়ে পাশের গ্রামের মোল্লা বাড়ির জলিল মোল্লার ঘরে ভাড়ায় থাকেন। তিনি উজানীজোড়া আদর্শ কিন্ডার গার্ডেন স্কুলে শিক্ষকতা করতেন।
স্থানীয়দের দাবি, এরই মধ্যে উপজেলার মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তল হোসেন ওই নারীর ঘরে প্রায়ই রাতে আসা-যাওয়া করতেন। স্থানীয়রা বিষয়টি পর্যবেক্ষণ করে পাহারা বসান।
মঙ্গলবার রাতে তিনি ঘরে প্রবেশ করলে ওই বাড়ির নারীরা এসে খোঁজ নেন। প্রবাসীর স্ত্রী ঘরের গেট বন্ধ করে ঘরে কেউ নেই বলে জানান। পরে গ্রামবাসী ঘরটি ঘিরে রাখলে শিক্ষক মুক্তল পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে আটক হন।
এ বিষয়ে দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনেছি। এরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে অভিযুক্ত শিক্ষক মুক্তল হোসেনকে সেখানে পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, রাতে ওই নারীর প্রবাসী স্বামী পরিচয়ে এক ব্যক্তি আমাকে ফোন করে শিক্ষক মুক্তলকে পারিবারিক একটি বিষয়ে তার স্ত্রীর কাছে পাঠিয়েছেন। বাসায় আসার পর কিছু ছেলে সিনক্রিয়েট করে এ জটিল পরিস্থিতি তৈরি করেছে। প্রকৃত ঘটনা জানতে পুলিশ তদন্ত করছে।
