ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মতলব দক্ষিণে হত্যা মামলায় গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা সুমন পাটোয়ারী বহিষ্কার

Chandpur Tribune
জুন ১৭, ২০২৬ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ দিঘলদী গ্রামের আব্দুল মান্নান পাটোয়ারী হত্যা মামলার প্রধান আসামি মো. সুমন পাটোয়ারীকে গ্রেপ্তারের পর দলীয় পদ থেকে বহিষ্কার করেছে চাঁদপুর জেলা ছাত্রদল।

জানা যায়, সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর রোববার (১৪ জুন) রাতে রাজধানীর ঝিগাতলা এলাকা থেকে মতলব দক্ষিণ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরদিন সোমবার (১৫ জুন) তাকে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া সুমন পাটোয়ারী মতলব পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছিলেন। তার গ্রেপ্তারের পর মঙ্গলবার (১৬) জুন চাঁদপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সিদ্ধান্তে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সুমন পাটোয়ারীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে জেলা ছাত্রদলের সর্বস্তরের নেতা-কর্মীদের তার সঙ্গে সকল ধরনের দলীয় সম্পর্ক থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি সুমন পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ৩০ মে দক্ষিণ দিঘলদী গ্রামে সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত হন আব্দুল মান্নান পাটোয়ারী (৬৫)। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ জুন তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মতলব দক্ষিণ থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।