ঢাকারবিবার , ৩১ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

Chandpur Tribune
মে ৩১, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর সদর উপজেলার বাগাদি এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মো. জোহা (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে মোটরসাইকেলের আরোহী মো. সাজ্জিল (২০)।

 

রোববার (৩১ মে) দুপুর দেড়টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের ইসলামপুর গাছতলা বাদামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জোহা ইসলামপুর গাছতলা পাঠান বাড়ির সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী পাঠানের ভাগিনা।

তার বাবার নাম মিরাজ সালেহ উদ্দিন তছলিম। গ্রামের বাড়ি শাহরাস্তি উপজেলায়।

 

ছোটবেলা থেকে মায়ের সঙ্গে নানা বাড়িতে বসবাস করে আসছিল জোহা। সে এ বছর চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।

 

দুই ভাই-বোনের মধ্যে জোহা ছোট।

 

আহত সাজ্জিল একই গ্রামের পাটওয়ারী বাড়ির আবু তাহের পাটওয়ারীর ছেলে। সে বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, বাড়ি থেকে বাইক নিয়ে জোহা ও তার বন্ধু সাজ্জিল ফরিদগঞ্জ সড়ক দিয়ে যাচ্ছিল। পথে পেছন থেকে একটি ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় জোহা। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক জোহাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল হাসান বলেন, হাসপাতালে আনার আগেই জোহা নামের ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত বলেন, ট্রাকটি বাইকে থাকা দুজনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। লাশের সুরতহাল করা হয়েছে। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

 

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।