হাজীগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ জনপদ বলাখালে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে চলাচলরত বোগদাদ ও আইদি পরিবহনের যাত্রাবিরতি কার্যকরের দাবিতে ফের সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।
বলাখাল হাজীগঞ্জের একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এখানে রয়েছে দুটি উচ্চ বিদ্যালয়, একটি বালিকা বিদ্যালয়, একটি ডিগ্রি কলেজ, একটি মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়।
এছাড়াও বলাখাল থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরত্বে অবস্থিত উপজেলার দ্বিতীয় বৃহত্তম ব্যবসাকেন্দ্র রামপুরা বাজার।
স্থানীয়দের দাবি, হাজীগঞ্জ ছাড়াও পাশ্ববর্তী মতলব উপজেলার নারায়ণপুর, নায়েরগাঁওসহ উত্তরাঞ্চলের হাজার হাজার মানুষ প্রতিদিন বলাখাল ও রামপুরা হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করেন। বিশেষ করে শত শত শিক্ষার্থী প্রতিদিন হাজীগঞ্জ, চাঁদপুর, কুমিল্লাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করলেও বোগদাদ ও আইদি পরিবহনের কোনো নির্ধারিত স্টপেজ না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ দাবিতে এর আগেও কয়েক দফা আন্দোলন ও বিক্ষোভ হয়েছে। তিনদিন আগে স্থানীয়রা সড়ক অবরোধ করলে প্রশাসনের উদ্যোগে বাস মালিকপক্ষ বলাখালে যাত্রাবিরতির আশ্বাস দেয়। তবে এখনো তা কার্যকর না হওয়ায় ক্ষোভে আবারও সড়কে নেমেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।
স্থানীয়দের প্রত্যাশা, বলাখালের গুরুত্ব বিবেচনায় দ্রুত বোগদাদ ও আইদি পরিবহনের যাত্রাবিরতি কার্যকর করতে প্রশাসন ও বাস মালিক কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
