চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের ‘মিনি কক্সবাজার’ সংলগ্ন মেঘনা নদীতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি যাত্রীবাহী বোটে তল্লাশি চালানো হয়। এ সময় বোটের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা প্রায় ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে নদীপথ ব্যবহার করে মাদক পরিবহনের সঙ্গে জড়িত।
উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ড জানিয়েছে, দেশের তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও নদীপথসহ বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
