ফরিদগঞ্জ পৌর এলাকায় একটি চারতলা ভবন পাশের আরেকটি ভবনের দিকে হেলে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে প্রশাসন তাৎক্ষণিকভাবে উভয় ভবনের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
সোমবার দুপুরে ফরিদগঞ্জ পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের মিরপুর সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দেলোয়ার হোসেনের মালিকানাধীন চারতলা ভবনটি কয়েক ইঞ্চি হেলে পাশের আক্তার পাটওয়ারীর চারতলা ভবনের দিকে ঝুঁকে পড়েছে। বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগে এখানে ধানের জমি ছিল। প্রায় দুই দশক আগে ভবন নির্মাণ করা হয়।
খবর পেয়ে উপজেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পাশের ভবনের ব্যবস্থাপক মাহা গাজী বলেন, সকালে ভবনটি কিছুটা হেলে পড়েছে বলে তাদের নজরে আসে।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কমান্ডার কামরুল ইসলাম বলেন, ভবন দুটির নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বাসিন্দাদের দ্রুত সরে যেতে বলা হয়েছে।
ফরিদগঞ্জ পৌরসভার নকশাকার আল আমিন জানান, ভবন দুটি ২০০৭ সালে নির্মাণ করা হয় এবং বর্তমানে উভয় ভবনই চারতলা বিশিষ্ট। ভবনের অবস্থা যাচাই করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সেন্টু কুমার বড়ুয়া বলেন, বিষয়টি তদন্তে গণপূর্ত বিভাগের এসডিও, পৌরসভার নির্বাহী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী এবং ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডারকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, কমিটি ঈদের পর ঘটনাটি পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
