ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

‘ঈদের বাজার’ ধরতে ইয়াবার চালান ঢুকছে চাঁদপুরে!

চাঁদপুর ট্রিবিউন
মার্চ ১৬, ২০২৬ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঈদের বাজার ধরতে চোরাগোপ্তা পথে ইয়াবার চালান চাঁদপুরে ঢুকছে। তবে পুলিশ তৎপর থাকার কারণে সেই চালান ধরাও পড়তে শুরু করেছে।

 

ঈদের বাজার ধরতে পোশাক, জুতো, গয়না কিংবা রুচিশীল খাবারের চাহিদা থাকে। এমনটাই স্বাভাবিক। কিন্তু এর সঙ্গে যে মাদকেরও চাহিদা রয়েছে। তার খবরই বা রাখে কয়জনে! এমনই এক চমকপ্রদ তথ্য জানিয়েছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস্ অ্যান্ড অপারেশনস্) মো. লুৎফর রহমান।

 

তিনি বলেন, মাদকসেবীদের কাছে এখন সবচেয়ে কদর বেশি ইয়াবার। তবে পুলিশ তৎপর থাকার কারণে সেই চালান ধরাও পড়তে শুরু করেছে। এরই মধ্যে গত ২৪ ঘণ্টার ব্যবধানে চাঁদপুরে পুলিশের আলাদা অভিযান সাত হাজার ইয়াবার চালান ধরা পড়েছে।
 
রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাপাতিয়া গ্রামে দুই নারীর কাছ থেকে চার হাজার পিস এবং শনিবার রাতে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকায় এক মাদক কারবারির কাছ থেকে আরও চার হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণপুর ইউনিয়নের চাপাতিয়া গ্রামের এবাদউল্লাহ প্রধানিয়ার ছেলে, আলোচিত মাদক কারবারি সুমন প্রধানিয়ার দুই বোনকে চার হাজার পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। ইয়াবা তাদের বসতঘরের চালের ড্রামের মধ্যে লুকানো ছিল। এই সময় সুমন পালিয়ে গেলেও, তার বোন মর্জিনা আক্তার (২১) ও শাহনাজ আক্তার (৪০) আটক হন।
 
এর আগে শনিবার হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকায় এক অভিযানে চিহ্নিত মাদক কারবারি ও একাধিক মামলার আসামি ফারুক হোসেন (৪৫) কে তিন হাজার পিস ইয়াবাসহ আটক করে পুলিশ।
 
বিভিন্ন সূত্রে জানা গেছে, শুধুমাত্র ঈদের বাজারকে কেন্দ্র করে এবার চাঁদপুরে ইয়াবার চালান প্রবেশ শুরু হয়েছে। তবে এসব ইয়াবা কক্সবাজার বা চট্টগ্রাম থেকে কে এনেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা এখনও নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।