চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
২০২৫–২০২৬ অর্থবছরে হাজীগঞ্জ উপজেলা পরিষদের উন্নয়ন জমা তহবিল থেকে ফুলছোয়া মাদ্রাসার জন্য বাকিলা চেঙাতলী রাস্তার মাথায় গেইট নির্মাণ প্রকল্পে ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
অনুসন্ধানে জানা যায়, প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে নিয়মিত প্রক্রিয়া অনুসরণ না করে চেয়ারম্যান নিজেই সভাপতি-সেক্রেটারি মনোনয়ন দিয়ে ফাইল দাখিল করেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্র দাবি করেছে, প্রকল্পের পুরো অর্থ ব্যয়ের পরিবর্তে আনুমানিক ৬৫ হাজার টাকার মতো ব্যয়ে একটি ফাঁপা পুলের ওপর সাইনবোর্ড স্থাপন করে ‘গেইট নির্মাণ’ দেখিয়ে বরাদ্দের অর্থ উত্তোলন করা হয়েছে।
চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, বরাদ্দকৃত অর্থ দিয়েই স্টিলের পুল ব্যবহার করে গেইট নির্মাণ করা হয়েছে। তিনি আরও দাবি করেন, কাজের সময় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জায়েদ হোসেন ও উপজেলা পরিষদের সিএ মোঃ মফিজুল ইসলামের নামও অভিযোগে উঠে এসেছে। তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি। অভিযোগ রয়েছে, বিভিন্ন নামসর্বস্ব প্রকল্পের মাধ্যমে সরকারি অর্থ লোপাটের একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সক্রিয়।
ফুলছোয়া মাদ্রাসার মোহতামিম মোহাম্মদ আবু সাঈদ বলেন, “এ প্রকল্প সম্পর্কে আমি কিছুই জানি না।
অভিযোগ অনুসন্ধানকালে প্রতিবেদকের সঙ্গে ইউপি চেয়ারম্যানের মুঠোফোনে বাকবিতণ্ডার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ ইকবাল কবির বলেন, সুনির্দিষ্ট তথ্য পেলে অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জায়েদ হোসেন বলেন, “বিষয়টি দেখছি।
স্থানীয়দের দাবি, প্রকল্পের প্রকৃত ব্যয় ও বাস্তব অবস্থা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
