চাঁদপুরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। শুরু থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়।
পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদেরও লাইনে দাঁড়াতে দেখা গেছে। অনেকেই ফজর পড়ে কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়েছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রের সামনে ভোটারদের উপস্থিতি বাড়ছে।
চাঁদপুর পৌরসভার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, নারী-পুরুষ ভোটারদের ব্যাপক উপস্থিতি। তবে শহরের পুরান বাজারে হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে ব্যাপকহারে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
শহরের পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুমন মজুমদার জানান, এ কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৭৪৪ জন। নয়টি বুথে শুধুমাত্র মহিলারা ভোটদান করছেন। এখানকার অধিকাংশ ভোটারই সংখ্যালঘু সম্প্রদায়ের। তারা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন।
২ নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটদানের শুরু থেকেই মহিলা ভোটাররা বিড়ম্বনায় পড়ছেন। ভূতগুলোর সামনে এলাকা ভিত্তিক ইন্ডিকেটর না দেওয়ায় তারা এক রুম থেকে অন্য রুমে ছুটে বেড়াচ্ছেন। ১ নং বুথে ৪০ মিনিটে মাত্র ৬টি বোর্ড কাস্ট হয়েছে। সংশ্লিষ্ট পুলিং অফিসার জানান, এলাকাভিত্তিক বিড়ম্বনার কারণে ২০ থেকে ২৫ জন ভোট না দিয়ে ফিরে গেছেন।
৩ নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে শারীরিক প্রতিবন্ধী পুলিং কর্মকর্তা আরিফুর রহমান যত্ন সহকারে দায়িত্ব পালন লক্ষ্য করার গেছে।
রিপোর্ট লেখা পর্যন্ত চাঁদপুর জেলার পাঁচটি নির্বাচনী আসনেই শান্তিপূর্ণভাবে বোর্ড গ্রহণ চলছে।
চাঁদপুরের ৫টি আসনে বিএনপি-জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের ৩৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলার ৫ আসনে ভোটার সংখ্যা-২৩ লাখ ৩১ হাজার ২শ ৩৫ জন। এদের প্রায় অর্ধেকই মহিলা ভোটার। এদের মধ্যে নারী ভোটার সংখ্যা ১১ লাখ ২৯ হাজার ৮শ ৭৪ জন। পুরুষ ভোটার ১২ লাখ ১ হাজার ৬শ ৪৪ জন। জেলায় হিজড়া ভোটার মাত্র ১১ জন। প্রার্থী ৩৫ জন। কেন্দ্র ৭শ ৬ এবং কক্ষ ৪ হাজার ২শ ৬০টি।
সরেজমিনে দেখা যায়, প্রতিটি কেন্দ্রে প্রবেশের আগে ভোটারদের তল্লাশি করা হচ্ছে। কেন্দ্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কয়েকজন ভোটার জানান, তারা নির্বিঘ্নে ভোট দিতে পেরে সন্তুষ্ট।
বিভিন্ন কেন্দ্রে র্যাব, সেনাবাহিনী, পুলিশ, ডিবি পুলিশ ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। বেশ কয়েকটি কেন্দ্রের সামনে সেনাবাহিনীর সদস্যদের অতিরিক্ত সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
