চাঁদপুরের আল আমিন একাডেমীর শিক্ষার্থী আবু সাঈদ রাফিন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে পুরো চাঁদপুর শহর। রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যানের চাপায় রাফিনের মৃত্যু হয়। এই ঘটনার প্রতিবাদে শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বিক্ষোভে নামেন আল আমিন একাডেমীর শিক্ষার্থীরা। তারা চাঁদপুর–কুমিল্লা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
সরেজমিনে দেখা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আল আমিন একাডেমী প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে পৌঁছায়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা চাঁদপুর–কুমিল্লা মহাসড়ক অবরোধ করেন। এতে শহরের প্রধান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
এ সময় তাঁরা ‘সড়ক চাই নিরাপদ, প্রাণহানি আর নয়’ সহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভরত শিক্ষার্থীরা বলেন, সড়কে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত প্রাণ ঝরছে। আবু সাঈদ রাফিনের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, এটি অব্যবস্থাপনার ফল। তারা দাবি জানান, ঘটনার জন্য দায়ী পিকআপ ভ্যানের চালককে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এ ছাড়া শিক্ষার্থীরা শহরের ভেতরে ট্রাক ও পিকআপ ভ্যান চলাচলের জন্য নির্দিষ্ট সময়সূচি নির্ধারণের দাবি জানান। কোন সময় কোন সড়কে ভারী যানবাহন চলবে, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়ার আহ্বান জানান তারা। এতে করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে বলে মনে করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ কর্মসূচি শেষে শিক্ষার্থীরা চাঁদপুর জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে আবু সাঈদ রাফিনের মৃত্যুর সুষ্ঠু বিচার, দোষী চালককে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি শহরের সড়কগুলোতে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
