চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে বৃহত্তর সুন্নী জোট মনোনীত চেয়ারম্যান প্রতীকের প্রার্থী আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী পিতা আবেদ শাহ (রহ.)মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
নির্বাচনী প্রচার শুরুর আগে তিনি হাজীগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামাম শামীম এবং অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার।
এতে হাজীগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বৃহত্তম সুন্নি জোটের প্রার্থী ও ইসলামি ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি চাঁদপুর-৫ ও নারায়ণগঞ্জ-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি নির্বাচনী প্রচারে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে গণভোটে ‘না’ ভোট প্রদানের আহ্বান জানান।
তিনি বলেন, জুলাই সনদে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ এবং ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ বাক্যটি বাদ দেওয়া হয়েছে, ১৯৭১সালের সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ ছিল। তাই ‘হ্যাঁ’ ভোট দিলে ’৭১-এর সংবিধান বিকৃত করা হবে। দেশ ও ইসলাম রক্ষার স্বার্থে আমরা সুন্নি জোটের মার্কা ‘চেয়ার’ প্রতীকে ভোট দেব এবং গণভোটে ‘না’ ভোট প্রদান করব।
তিনি আরও বলেন, চাঁদপুর-৫ আসনের সার্বিক উন্নয়ন, শান্তি, ধর্মীয় মূল্যবোধ রক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তিনি সর্বাত্মকভাবে কাজ করবেন। একই সঙ্গে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলন শেষে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেন।
