বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় পর্যায়ের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা ‘মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড-২০২৩’ অর্জন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের সহকারী অধ্যাপক (আইসিটি) মো. ফয়সাল আহমেদ ফরাজী। স্কাউটিং আন্দোলনে নিরবচ্ছিন্ন অবদান এবং সাংগঠনিক দক্ষতায় অনন্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাকে এই বিশেষ পদকে ভূষিত করা হয়।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে স্কাউটিংয়ের সেবামূলক কার্যক্রমে যুক্ত থাকায় এর আগেও তিনি একাধিক জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো: ২০১০ সাল: ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড।, ২০২০ সাল: ন্যাশনাল সার্টিফিকেট অ্যাওয়ার্ড।
২০০০ সালে স্কাউটিংয়ের সাথে যুক্ত হওয়া ফয়সাল আহমেদ ফরাজী তার ক্যারিয়ারে এখন পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও প্রোগ্রামে অংশ নিয়ে প্রায় ৫০টি সার্টিফিকেট অর্জনের গৌরব অর্জন করেছেন।
তৃণমূল পর্যায় থেকে উঠে আসা এই স্কাউট লিডার বর্তমানে বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা রোভারের সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলার রোভার স্কাউট লিডার (আরএসএল) প্রতিনিধি এবং যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করে জেলার স্কাউটিং আন্দোলনকে গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
শিক্ষকতা ও স্কাউটিংয়ের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অত্যন্ত সক্রিয়। তিনি বর্তমানে, রোটারি ক্লাব অব চাঁদপুর-এর সদস্য, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত ঐতিহ্যবাহী সংগঠন ‘অনন্যা নাট্যগোষ্ঠী’সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
এক প্রতিক্রিয়ায় ফয়সাল আহমেদ ফরাজী জানান, এই সম্মাননা তার কাজের অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে। তিনি আগামী দিনগুলোতেও স্কাউটিং ও সামাজিক সংগঠনের মাধ্যমে আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান।
