ঢাকাশনিবার , ২০ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ

চাঁদপুর ট্রিবিউন
ডিসেম্বর ২০, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

শরিফ ওসমান হাদীর জানাজা শেষে চাঁদপুরে গায়েবানা জানাজার নামাজ আদায় করেছে ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত মরহুম শরিফ ওসমান হাদীর জানাজা সরাসরি প্রজেক্টরের মাধ্যমে চাঁদপুরে উপস্থিত মুসল্লিদের জন্য সম্প্রচার করা হয়। এতে করে স্থানীয় জনগণ ঢাকার জানাজা কর্মসূচিতে ভার্চুয়ালি অংশগ্রহণের সুযোগ পান।

গায়েবানা জানাজার নামাজের পূর্বে আয়োজকরা দেশ রক্ষায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান ইনকিলাব মঞ্চ নেতা নিয়াজ মোরশেদ। শপথ পাঠ শেষে বক্তারা দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

গায়েবানা জানাজায় জেলা জামায়াতে ইসলামী, ছাত্রদল, ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ, এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় উপস্থিত নেতারা বলেন, শরিফ ওসমান হাদীর মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার আত্মত্যাগ দেশের মানুষ আজীবন স্মরণ রাখবে।

এদিকে জানাজা শেষে একটি প্রতীকী কফিন নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কসমূহ ঘুরে বাইতুল আমিন চত্বরে গিয়ে সমাপ্ত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবি-দাওয়া তুলে ধরেন।

বক্তারা অভিযোগ করেন, দেশের স্বাধীনতা ও জনগণের স্বার্থ রক্ষায় যারা কথা বলে, তাদের দমন করার চেষ্টা চলছে। তারা এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার দাবি করেন। পুরো কর্মসূচিতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।