ঢাকাসোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে প্রকাশ্যে ছিনতাইয়ের চেষ্টায় দুই নারী আটক

চাঁদপুর ট্রিবিউন
ডিসেম্বর ১৫, ২০২৫ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদগঞ্জে ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার সময় এক নারীর ব্যাগ ছিনতাইয়ের চেষ্টাকালে দুই নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পারুল বেগম জানান, তিনি ও তার স্বামী দেলোয়ার হোসেন ফরিদগঞ্জ কলাবাগান এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংক শাখা থেকে ২ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে বের হন। পরে সাব-রেজিস্ট্রার অফিসের সামনে পৌঁছালে হঠাৎ দুই নারী তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ টান দিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় তিনি ‘চোর, চোর’ বলে চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে ওই দুই নারীকে আটক করেন। পরে স্থানীয়রা বিষয়টি থানায় জানালে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পারুল বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আটককৃত দুই নারী হলেন— টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বলরামপুর এলাকার খালেক বেপারীর মেয়ে শুভা আক্তার (১৯) এবং একই এলাকার রফিকুল ইসলাম বেপারীর স্ত্রী মৌসুমী বেগম (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, আটকরা দীর্ঘদিন ধরে চাঁদপুর শহরের গাছতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল। তারা বিভিন্ন উপজেলা এলাকায় ঘুরে ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন বলেন, ব্যাংক থেকে টাকা তুলে যাওয়ার পথে ফরিদগঞ্জ বাজারের সাব-রেজিস্ট্রার অফিসের সামনে ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয় জনগণ তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ছিনতাই চেষ্টার মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।