১৯৯১ থেকে ২০২৪— এই দীর্ঘ সময়টিকে বাংলাদেশের রাজনীতিতে বলা হতো ‘দুই নেত্রীর শাসনের যুগ’। বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে দেশের ক্ষমতার রাজনীতি। তবে ২০২৪ সালের ৫ আগস্টের অভ্যুত্থান সেই ধারাবাহিকতায় স্পষ্ট ছেদ টেনেছে।
গণআন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তার দল আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। ফলে টানা ১৫ বছর ক্ষমতায় থাকা দলটির প্রত্যাবর্তনের পথ আপাতত রুদ্ধ।
অন্যদিকে বয়স ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় শেখ হাসিনার সক্রিয় রাজনীতিতে ফেরার সম্ভাবনাও ক্ষীণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি একটি বিদেশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তার ছেলে সজীব ওয়াজেদ জয় জানান, শেখ হাসিনা আগেই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা করেছিলেন। এটি তার শেষ মেয়াদ হওয়ার কথা ছিল বলেও উল্লেখ করেন তিনি। জয় বলেন, ‘এক অর্থে এটি শেখ হাসিনা যুগের অবসান।
এদিকে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের আরেক নায়িকা ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে একটি বড় অধ্যায়ের সমাপ্তি ঘটে। বর্তমানে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তার পুত্র তারেক রহমান।
তারেক রহমান বনাম জোট রাজনীতি
১২ ফেব্রুয়ারির নির্বাচনে ক্ষমতার লড়াইয়ে থাকা প্রধান শক্তিগুলোর শীর্ষ পদে এবার কোনো নারী নেতৃত্ব নেই। বিএনপির নেতৃত্বে রয়েছেন তারেক রহমান। নির্বাচনে বিএনপি জয়ী হলে তিনিই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন— এমনটাই মনে করছেন দলীয় নেতাকর্মীরা। এটি হবে তারেক রহমানের নেতৃত্বে প্রথম জাতীয় নির্বাচন।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১১ দলীয় জোট বর্তমানে রাজপথের অন্যতম প্রধান শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই জোট থেকে যিনিই সরকারপ্রধান হিসেবে নির্বাচিত হোন না কেন, তিনি পুরুষ হবেন— এমনটাই রাজনৈতিক অঙ্গনে আলোচিত।
৩৬ বছর পর নতুন ইতিহাস
১৯৯০ সালে স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের পতনের পর ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া। এর আগে ১৯৮৯-১৯৯০ সালে কাজী জাফর আহমদ ছিলেন বাংলাদেশের সর্বশেষ পুরুষ প্রধানমন্ত্রী।
এরপর টানা ৩৬ বছর দেশের সরকারপ্রধান ছিলেন নারী নেত্রী। এবার জাতীয় নির্বাচনের মাধ্যমে আবারও কোনো পুরুষ নেতা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন— যা বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা।
স্মৃতিতে নারী নেতৃত্বের তিন দশক
স্বাধীনতার পর ১৯৭৩ সালের প্রথম জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলে প্রধানমন্ত্রী হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরে ৯০-এর গণঅভ্যুত্থানের পর রাজনীতি আবর্তিত হয় দুই নেত্রীকে কেন্দ্র করে।
বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তিনি ১৯৯৬ সালে স্বল্প সময়ের জন্য এবং ২০০১-২০০৬ মেয়াদেও প্রধানমন্ত্রী ছিলেন। অন্যদিকে, শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় আসেন এবং ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা চার মেয়াদে দায়িত্ব পালন করে দেশের ইতিহাসে দীর্ঘতম সময় প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়েন।
তবে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন ছিল সবচেয়ে বেশি আলোচিত ও সমালোচিত। দশম জাতীয় সংসদ নির্বাচনকে বলা হয় ‘বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন’, একাদশকে ‘রাতের ভোটের নির্বাচন’ এবং দ্বাদশকে আখ্যা দেওয়া হয় ‘ডামি ভোটের নির্বাচন’ হিসেবে।
