লাগামহীনভাবে বেড়েই চলেছে স্বর্ণের দাম। আজ (২৯ জানুয়ারি) আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে এক ভরি স্বর্ণের দাম বর্তমানে দাঁড়াচ্ছে ২ লাখ ৮৬ হাজার টাকা। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। সেই সঙ্গে একধাপে স্বর্ণের দাম আর কখনোই এতটা বাড়ানো হয়নি।
নতুন দর আজ সকাল ১০টা ১৫ মিনিটে কার্যকর হয়েছে। যে গতিতে দাম বাড়ছে, তাতে বাজার–বিশ্লেষকেরা মনে করছেন, সোনার দাম তিন লাখ টাকা স্পর্শ করতে হয়তো খুব বেশি বেশি সময় লাগবে না।
করোনার পর গত পাঁচ বছরে দেশে-বিদেশে স্বর্ণের দাম দ্রুতগতিতে বেড়েছে। দেশের বাজারে ২০২৩ সালের ২১ জুলাই স্বর্ণের ভরি ১ লাখ টাকায় পৌঁছায়।
গত বছরের ফেব্রুয়ারিতে দেড় লাখ ও অক্টোবরে দুই লাখ টাকার মাইলফলক স্পর্শ করে। গত বৃহস্পতিবার আড়াই লাখ টাকা পেরিয়ে যায় স্বর্ণের দাম।
আজ আরেক দফা দাম বাড়ার কারণে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। একইভাবে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির সোনার দাম বেড়েছে।
জুয়েলার্স সমিতি বরাবরের মতোই বলেছে, স্বর্ণের দাম বৃদ্ধির মূল কারণ হচ্ছে, বিশ্ববাজারে মূল্যবৃদ্ধি। আজ প্রতি আউন্স স্বর্ণের দাম সাড়ে পাঁচ হাজার ডলার ছাড়িয়ে গেছে।
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পূর্বাভাস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে বিশ্ববাণিজ্যে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাতে সোনার দাম শিগগিরই ৭ হাজার ডলারে উঠে যাবে।
