ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ছেলে জামায়াত জোটের প্রার্থী, বাবা প্রচারে বিএনপির ধানের শীষে

এম হোসেন, বিশেষ প্রতিবেধক
জানুয়ারি ২৪, ২০২৬ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের নির্বাচনী মাঠে দেখা গেছে এক ব্যতিক্রমী ও আলোচিত চিত্র।

যেখানে ছেলে জামায়াত-সমর্থিত জোটের প্রার্থী হলেও বাবা সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারে নেমেছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে। এ ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে।

জানা গেছে, চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা সংলগ্ন রামগঞ্জ আসনে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই মাহবুব আলম জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে তাঁর বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা রামগঞ্জ উপজেলার ৪ নম্বর ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

গত শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আজিজুর রহমান বাচ্চু মোল্লা বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের সঙ্গে ইছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় একাধিক পথসভায় অংশ নেন। এসব সভায় তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বক্তব্য দেন।

এ বিষয়ে আজিজুর রহমান বাচ্চু মোল্লা বলেন, রাজনীতিতে আমার আদর্শ ও অবস্থান স্পষ্ট। ব্যক্তিগত বা পারিবারিক সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান পরিবর্তন সম্ভব নয়। বাবা হিসেবে ছেলের জন্য দোয়া করি, তবে রাজনৈতিক সিদ্ধান্ত আদর্শের ভিত্তিতেই।

এ বিষয়ে এনসিপির প্রার্থী মাহবুব আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বাবার বক্তব্যের বিষয়টি তিনি অবগত। তবে এ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।