ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার স্মরণে বাংলাদেশ হাইকমিশনে খোলা শোক বইয়ে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর

আবদুল্লাহ কাদের
জানুয়ারি ৫, ২০২৬ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ খালিল।

সোমবার (৫ ডিসেম্বর) শোক বইয়ে স্বাক্ষর করতে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ হাইকমিশনে উপস্থিত হন। এ সময় তিনি জানান, মালদ্বীপের রাষ্ট্রপতির বিশেষ দূত ও উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ সম্প্রতি বাংলাদেশে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর জানাজায় অংশগ্রহণ করেন এবং সফরকালে বাংলাদেশের সরকার ও জনগণের আন্তরিক আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেছেন।

শোক বইয়ে স্বাক্ষরকালে বাংলাদেশের মান্যবর হাইকমিশনার উপস্থিত ছিলেন এবং এই শোকাবহ সময়ে বাংলাদেশের জনগণের প্রতি সহমর্মিতা, সমবেদনা ও সমর্থন প্রকাশের জন্য মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে মান্যবর হাইকমিশনার বেগম খালেদা জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষায় আজীবন সংগ্রাম, আত্মত্যাগ এবং রাজনৈতিক অবদানের বিষয়টি শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন।

মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে বাংলাদেশ হাইকমিশনের সকল কর্মকর্তা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় মান্যবর হাইকমিশনার তাঁকে হাইকমিশনের কর্মকর্তাবৃন্দের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

এই আন্তরিক উদ্যোগটি সম্মান, সহমর্মিতা ও সংহতির অভিন্ন মূল্যবোধকে প্রতিফলিত করে এবং জাতীয় শোকের এই সময়ে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের এক অর্থবহ প্রকাশ হিসেবে বিবেচিত হয়।

বাংলাদেশের জনগণের প্রতি প্রদত্ত সৌজন্যপূর্ণ বার্তা ও সমবেদনার জন্য মালদ্বীপের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীসহ মালদ্বীপ সরকার ও জনগণের প্রতি বাংলাদেশ হাইকমিশন গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।

এই সহমর্মিতা ও সংহতি ভবিষ্যতেও বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।